শিরোপা না জিতলেও বীরোচিত সংবর্ধনায় সিক্ত নরওয়ে ফুটবল দল

অসলো, ১৪ জুলাই – ইংল্যান্ডের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও দেশের মাটিতে বীরোচিত সংবর্ধনা পেয়েছে নরওয়ে ফুটবল দল। দীর্ঘ সময় পর বিশ্বমঞ্চে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে দলটি। সোমবার রাজধানী অসলোতে ফুটবলারদের স্বাগত জানাতে নেমেছিল মানুষের ঢল।
বিমানবন্দরের রানওয়েতে পানির ফোয়ারা ছুড়ে ঐতিহ্যবাহী অভিবাদন জানানোর পর খেলোয়াড়রা খোলা ছাদের বাসে করে শহর প্রদক্ষিণ করেন। বাসের দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার ভক্ত পতাকা উড়িয়ে এবং স্লোগান দিয়ে প্রিয় তারকাদের অভিনন্দন জানান।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী অসলোর রাস্তায় এদিন এক লাখেরও বেশি সমর্থক উপস্থিত ছিলেন। গ্রীষ্মের তীব্র রোদ উপেক্ষা করে রাজপ্রাসাদের সামনে ভিড় করেন তারা। এরপর রাজা হারাল্ডের আমন্ত্রণে রাজপ্রাসাদে যান ফুটবলাররা এবং রাজপরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
খেলোয়াড়রা প্রাসাদের বারান্দায় এসে দাঁড়ালে ভক্তরা উল্লাস ও করতালিতে ফেটে পড়েন। এবারের বিশ্বকাপে নরওয়ের এই অভাবনীয় যাত্রা দেশের ফুটবল ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে। তবে উৎসবের শেষ অংশে দেখা যায়নি দলের সেরা তারকা এরলিং হলান্ডকে।
দলের কোচ স্তোলে সোলবাক্কেন জানান যে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পথে বিমান বিলম্বিত হওয়ায় হলান্ড ও সান্দের বের্গেকে পরবর্তী ফ্লাইট ধরতে আগেই চলে যেতে হয়েছে। তারকা স্ট্রাইকার উপস্থিত না থাকলেও উৎসবের আমেজে কোনো কমতি ছিল না। শিরোপা জিততে না পারলেও একরাশ ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে ঘরে ফিরেছে নরওয়ের লড়াকু ফুটবলাররা।
এস এম/ ১৪ জুলাই ২০২৬







