ওমান জলসীমায় আমিরাতের জাহাজে ইরানের মিসাইল হামলা, নিহত ১

তেহরান, ১৪ জুলাই – হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই ওমান জলসীমায় সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী জাহাজে ক্রুজ মিসাইল হামলার ঘটনা ঘটেছে।
ইরানের চালানো এই হামলায় মোম্বাসা নামক একটি জাহাজে থাকা একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও আটজন। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। হামলায় জাহাজ দুটিতে আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।
এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে অভিহিত করে আমিরাত সরকার জানিয়েছে যে, নিজেদের জানমাল রক্ষায় তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। এই হামলার প্রতিক্রিয়ায় এই অঞ্চলে নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।
এর প্রেক্ষিতে আবুধাবিতে অবস্থিত মার্কিন দূতাবাস ও দুবাই কনস্যুলেট বুধবার পর্যন্ত তাদের সকল নির্ধারিত সাক্ষাৎকার বাতিল করেছে। ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানের ওপর নতুন নৌ অবরোধ আরোপের পর এই হামলা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও সংঘাতপূর্ণ করে তুলেছে।
এস এম/ ১৪ জুলাই ২০২৬









