পাঁচ দিন পর স্বাভাবিক হলো চট্টগ্রাম কক্সবাজার ট্রেন চলাচল

চট্রগ্রাম, ১২ জুলাই – টানা পাঁচদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। রোববার ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস নির্ধারিত সময়ে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়।
সেখানে ২০ মিনিটের যাত্রাবিরতি শেষে ট্রেনটি কক্সবাজার আইকনিক রেলস্টেশনের উদ্দেশে রওনা হয়। রেলওয়ের চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তা মো. ফারহান মাহমুদ জানান যে রেললাইনে পানি উঠে যাওয়ার কারণে গত মঙ্গলবার দুপুর থেকে কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
লাইনের যে সকল স্থানে কারিগরি ত্রুটি বা সমস্যা দেখা দিয়েছিল সেগুলোর মেরামত কাজ সম্পন্ন করা হয়েছে। ফলে আজ থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হলো। পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চলাচলের মধ্য দিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
এর আগে গত মঙ্গলবার কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি জলাবদ্ধতার কারণে প্রায় আট ঘণ্টা ষোলশহর স্টেশনে আটকা পড়ে ছিল। পরবর্তীতে ট্রেনটিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ফিরিয়ে আনা হয় এবং যাত্রা বাতিল করা হয়। উল্লেখ্য যে জলাবদ্ধতার কারণে ওই সময়ে মোট চারটি ট্রেনের যাত্রা ব্যাহত হয়েছিল।
এর মধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস এবং কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেসের যাত্রা পুরোপুরি বাতিল করা হয়। এছাড়া কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের চট্টগ্রাম ও কক্সবাজার অংশের যাত্রা বাতিল করে রেলওয়ে কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থায় যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করেছিল।
গত বুধবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ যাত্রীদের নিরাপত্তাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করেন।
এস এম/ ১২ জুলাই ২০২৬









