জাতীয়

আগামী পাঁচদিন ঢাকাসহ সারা দেশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

ঢাকা, ১১ জুলাই – বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আগামী পাঁচদিন ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে মধ্য উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

১১ জুলাই শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

১২ জুলাই রোববারের পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে।

১৩ জুলাই সোমবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

১৪ ও ১৫ জুলাই দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এনএন/ ১১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language