চট্টগ্রাম

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ চান চসিক মেয়র

চট্টগ্রাম, ৯ জুলাই – চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিরসনে সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার বিকেলে চসিকের সম্মেলন কক্ষে আয়োজিত জলাবদ্ধতা নিরসনকল্পে গঠিত ১৯ সদস্যের সমন্বয় কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

সভায় বর্ষা মৌসুমে নগরবাসীর দুর্ভোগ কমাতে নালা ও পানি নিষ্কাশন ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করতে বিভিন্ন সংস্থার চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি নানা পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানো এবং নিয়মিত নালা পরিষ্কার রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভায় পানিনিষ্কাশনে যে কোনো প্রতিবন্ধকতা দ্রুত অপসারণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে সংকটের স্থায়ী সমাধানের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

চসিক মেয়র জানান যে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা মোকাবিলায় সকল সংস্থাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং চলমান প্রকল্পগুলোর নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে।

সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এবং সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশাসনের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এনএন/ ৯ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language