জাতীয়

ভারত-বাংলাদেশের মানুষের সম্পর্ক বাড়লে কোন সমস্যা থাকবে না : দোরাইস্বামী

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – বাংলাদেশ ও ভারতের মানুষের আকাঙ্ক্ষার জায়গা এক বলে মন্তব‌্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি বলেন, ‘৭৫-এর পরে বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।’

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস, বাংলাদেশ (ইমক্যাব) আয়োজিত ‘বঙ্গবন্ধু: বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক সেমিনারে দোরাইস্বামী এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমার জন্য যা ভালো, আপনার জন্য তা ভালো, আপনার জন্য যা ভালো, আমার জন্য তা ভালো। এ নীতিতে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের মধ্যে সন্দেহের কোনো জায়গা নেই। আমাদের এভাবে এগিয়ে যেতে হবে।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সময়েই দু’দেশের মধ্যকার সম্পর্ক কেমন হবে, তা বলা হয়ে গেছে। এজন্য নতুন নীতিমালা করার কিছু নেই।’

আরও পড়ুন : কমিটি থেকে বাদ দেয়া হলো অ্যাটর্নি জেনারেলকে

দু’দেশের সম্পর্কের বিষয়ে দোরাইস্বামী বলেন, ‘দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ আমাদের সবচেয়ে বড় ব্যবসায়িক এবং সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ট্রাভেল পার্টনার। এভাবেই আমাদের সম্পর্ক এগিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ভারতের সৈনিকরা যে আত্মত্যাগ করেছেন, তা শুধু প্রকৃত বন্ধুর জন্যই করা সম্ভব।’এ সময় দুই দেশের গণমাধ্যমকে এক হয়ে কাজ করার পাশাপাশি প্রকৃত তথ্য তুলে ধরতে উদ্বুদ্ধ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজের সাবেক সভাপতি মনজরুল আহসান বুলবুল ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ প্রমুখ।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৩ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language