জাতীয়

ভারি বৃষ্টিতে ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস

ঢাকা, ৫ জুলাই – দেশে আগামী কয়েক দিনে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের কারণে পাঁচটি জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার ৫ জুলাই পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিশেষ বার্তার মাধ্যমে এই সতর্কবার্তা প্রদান করেছে। কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয় যে ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং ভারতের সংলগ্ন রাজ্যগুলোতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হতে পারে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের পূর্বাঞ্চলে বৃষ্টির তীব্রতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী গোমতী, মুহুরী, ফেনী, হালদা ও মাতামুহুরীসহ বিভিন্ন নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে ওইসব এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানিও দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও ময়মনসিংহের বিভিন্ন নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা ও প্লাবন দেখা দিতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এনএন/ ৫ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language