যুক্তরাষ্ট্রে হুমকির মুখে গণতন্ত্র: সংকট নিরসনে সহিংসতার আশঙ্কা

ওয়াশিংটন, ৫ জুলাই – স্বাধীনতার ২৫০ বছর পূর্তির প্রাক্কালে যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে এক গভীর সংকটের চিত্র ফুটে উঠেছে।
সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী,
দেশটির সিংহভাগ নাগরিকই মনে করেন বর্তমান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভয়াবহ হুমকির মুখে রয়েছে।
রাজনৈতিক মতভেদ ও আদর্শিক বিচ্যুতি এমন পর্যায়ে পৌঁছেছে যে,
পরিস্থিতি নিয়ন্ত্রণে সহিংসতার আশঙ্কাকেও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠাকালীন আদর্শ থেকে সরে গেছে এমন ধারণা ক্রমশ দৃঢ় হচ্ছে জনমনে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গণমাধ্যম এনপিআর ও পিবিএস নিউজের অর্থায়নে ম্যারিস্ট কলেজের ম্যারিস্ট ইনস্টিটিউট ফর পাবলিক ওপেনিয়ন এই জরিপ পরিচালনা করে।
গত ৮ থেকে ১১ জুন পরিচালিত এ গবেষণায় দেখা গেছে,
প্রায় ৮২ শতাংশ অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রের বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাকে বিপন্ন বলে মনে করছেন। এর আগে গত ফেব্রুয়ারিতে পরিচালিত জরিপে এই হার ছিল ৭৮ শতাংশ। সে সময় মাত্র ১৭ শতাংশ মনে করেছিলেন পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের ৩২ শতাংশ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন।
এছাড়া ২২ শতাংশ নাগরিক চরম হতাশার কথা জানিয়েছেন এবং ২৩ শতাংশ আশাবাদী বলে নিজেদের মত দিয়েছেন। সার্বিক পরিস্থিতি নিয়ে গর্ববোধ করেন এমন আমেরিকানের সংখ্যা মাত্র ২২ শতাংশ। রাজনৈতিক বিভাজনের চিত্রটিও এই জরিপে স্পষ্টভাবে ফুটে উঠেছে।
৬৫ শতাংশ ডেমোক্র্যাট এবং ৬২ শতাংশ স্বতন্ত্র ভোটার মনে করেন,
বর্তমান সংকট থেকে উত্তরণের কোনো সহজ পথ নেই। তবে রিপাবলিকানদের একটি বড় অংশ অর্থাৎ প্রায় ৫৫ শতাংশ এ ধরনের উদ্বেগকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নন। বিশেষ করে ৯৩ শতাংশ রিপাবলিকান বর্তমান যুক্তরাষ্ট্র নিয়ে গর্ব প্রকাশ করলেও ডেমোক্র্যাটদের ক্ষেত্রে এই হার মাত্র ৪৫ শতাংশ।
দেশটির প্রতিষ্ঠাকালীন আদর্শ ও নীতি নিয়ে ৮৩ শতাংশ উত্তরদাতা নেতিবাচক ধারণা পোষণ করেন। তাদের মতে, যুক্তরাষ্ট্র তার মূল চেতনা থেকে অনেক দূরে সরে গেছে। মাত্র ১৬ শতাংশ মানুষ মনে করেন দেশটি এখনও প্রতিষ্ঠাকালীন মূল্যবোধ ধরে রেখেছে। এই দলে ডেমোক্র্যাটদের হার ১৩ শতাংশ এবং রিপাবলিকানদের ২০ শতাংশ।
সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো,
অংশ নেওয়া উত্তরদাতাদের ৩৭ শতাংশ মনে করেন যুক্তরাষ্ট্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে সহিংসতার প্রয়োজন হতে পারে। এই হার গত অক্টোবর মাসের জরিপে ছিল মাত্র ১১ শতাংশ। সে সময় ১৯ শতাংশ নাগরিক এমন ধারণার বিরোধিতা করেছিলেন। বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, গণতান্ত্রিক কাঠামোর ওপর মানুষের আস্থা হ্রাসের পাশাপাশি সংঘাতের প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে।
এস এম/ ৫ জুলাই ২০২৬









