ফুটবল

ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল নরওয়ে

ওয়াশিংটন, ৫ জুলাই – বিশ্বকাপের শেষ ১৬ এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে নরওয়ে শিবিরে দেখা দিয়েছে বড় দুশ্চিন্তা। শনিবার যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে সেলেসাওদের বিপক্ষে মাঠে নামার আগে দলটির তারকা ডিফেন্ডার জুলিয়ান রায়ারসনের খেলা নিয়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে।

উরুর চোটের কারণে ব্রাজিলের বিপক্ষে এই রাইট ব্যাকের মাঠে না নামার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে। গ্রুপ পর্ব থেকেই হ্যামস্ট্রিং চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের এই অভিজ্ঞ খেলোয়াড়। যদিও শেষ মুহূর্তের অনুশীলনে তাকে দলের সঙ্গে দেখা গেছে তবে কোচিং স্টাফের মতে ম্যাচের শুরু থেকে খেলার মতো ম্যাচ ফিটনেস এখনো ফেরেনি তার।

রায়ারসনের এই অনুপস্থিতি নরওয়ের রক্ষণভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ মাঠের এই প্রান্ত দিয়েই আক্রমণ শানাবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। চলতি বিশ্বকাপে ভিনি ইতিমধ্যে চার গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছেন।

তার গতি রুখতে নরওয়ের কোচ স্টেল সলবাকেন এখন বিকল্প খেলোয়াড় হিসেবে পেডারসেন অথবা মিডফিল্ডার ফ্রেডরিক আর্সনেসকে রাইট ব্যাক পজিশনে খেলানোর কথা গুরুত্বের সাথে ভাবছেন। এর আগে সেনেগালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাত্র ১৩ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন রায়ারসন।

এরপর ফ্রান্স ও আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচেও তিনি স্কোয়াডে ছিলেন না। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নরওয়ে দল অনুশীলনে বেশ গোপনীয়তা বজায় রেখেছে। সংবাদমাধ্যমকে কেবল অনুশীলনের শুরুর অংশটুকু দেখার অনুমতি দেওয়া হয়। সেখানে দলের দুই প্রধান তারকা মার্টিন ওডেগার্ড ও আর্লিং হলান্ডের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

তবে মূল কৌশলগত অনুশীলনগুলো হয়েছে রুদ্ধদ্বার কক্ষে। গতিময় কাউন্টার অ্যাটাকের সুবিধা নিতে আক্রমণেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সেক্ষেত্রে লম্বা গড়নের সেন্টার ফরোয়ার্ড আলেকজান্ডার সরলথের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন গতিশীল তরুণ ফুটবলার অস্কার বব।

কাগজে কলমে ব্রাজিল ফেভারিট হিসেবে মাঠে নামলেও নরওয়ে ভরসা খুঁজছে একটি ঐতিহাসিক পরিসংখ্যানে। ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে কখনোই হারেনি নরওয়ে। দুই দলের আগের পাঁচবারের দেখায় দুটিতে জয় পেয়েছে ইউরোপের এই দেশটি আর বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। এই মনস্তাত্ত্বিক সুবিধা সঙ্গী করেই আজ সেলেসাওদের মোকাবিলা করতে নামবে ভাইকিংরা।

এস এম/ ৫ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language