ফুটবল

ভূমিকম্পে পা হারানো খুদে ভক্তের স্বপ্ন পূরণ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

লিসবন, ৪ জুলাই – বিশ্বকাপের উত্তেজনার মাঝেও জীবনের কঠিন এক লড়াইয়ে অবতীর্ণ হয়েছে ভেনেজুয়েলার ১০ বছর বয়সী শিশু আন্দ্রেস মিয়েলেস। ভয়াবহ ভূমিকম্পে পরিবারের সদস্যদের হারানোর পাশাপাশি নিজের একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ফুটবলের এই খুদে অনুরাগী।

এমন প্রতিকূল পরিস্থিতিতেও আন্দ্রেসের একটি ছোট্ট ইচ্ছা ছিল। সে চেয়েছিল তার প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি স্টিকার সংগ্রহ করে বিশ্বকাপের অ্যালবামে যুক্ত করতে। শিশুটির এই গভীর আকাঙ্ক্ষার কথা শেষ পর্যন্ত পর্তুগিজ সুপারস্টার রোনালদোর কানে পৌঁছায়। ভক্তের সেই স্বপ্ন পূরণে দেরি করেননি সিআর সেভেন।

আন্দ্রেসকে উৎসাহ দিতে একটি ভিডিও বার্তার পাশাপাশি নিজের স্বাক্ষর করা একটি জার্সি এবং কাঙ্ক্ষিত স্টিকার পাঠিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাংবাদিক গ্যাবি আরোচার বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিও বার্তায় রোনালদো বলেন, হ্যালো আন্দ্রেস, তুমি কেমন আছো? তোমাকে ভালোবাসা জানাতেই এই ভিডিওটি করেছি।

আমি জানি তুমি আমার কত বড় ভক্ত। দ্রুত সুস্থ হয়ে ওঠো। আমি চাই তুমি আমার একটি ম্যাচ মাঠে বসে দেখো। আমরা একসঙ্গে সময় কাটাব। তোমার সাথে দেখা করার অপেক্ষায় রইলাম, সাহস হারিও না বন্ধু।

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে রোনালদোর সুনাম আগে থেকেই ছিল। খুদে ভক্তের মুখে হাসি ফোটানোর এই মহতী উদ্যোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই কিংবদন্তি ফুটবলার।

এস এম/ ৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language