শহীদদের স্মরণে জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ৪ জুলাই – চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়।
জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাইযোদ্ধা কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনে আহত ব্যক্তিরা অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানের শুরুতেই শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
স্মৃতিচারণা ও গভীর শ্রদ্ধার এই আয়োজনে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এছাড়া সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পেশাজীবী নেতারাও এই সম্মেলনে যোগ দিয়ে শহীদদের ত্যাগের প্রতি সম্মান জানান।
এস এম/ ৪ জুলাই ২০২৬









