সুখরঞ্জন বালীকে অপহরণে তৎকালীন এএসপি ফজলুর রহমান জড়িত: ডিবি

ঢাকা, ৩ জুলাই – ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে যাওয়ার সময় হাইকোর্ট এলাকা থেকে সুখরঞ্জন বালীকে অপহরণ ও গুমের ঘটনায় তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমান সরাসরি জড়িত ছিলেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রিকুইজিশনের ভিত্তিতে ফজলুর রহমানকে গ্রেফতার করে ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হয়েছে।
তদন্তের তথ্য তুলে ধরে ডিবির এই কর্মকর্তা বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলায় সাক্ষী দিতে আসার পথে সুখরঞ্জন বালীকে অপহরণের সময় ফজলুর রহমান ডিবিতে কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে যে, হাইকোর্ট এলাকায় গাড়ি থেকে নামার পরপরই ফজলুর রহমান প্রথমে বালীকে চড় মারেন এবং পরে শার্টের কলার ধরে জোরপূর্বক ডিবির গাড়িতে তুলে নিয়ে যান।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর বাড্ডা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এই অপহরণের ঘটনায় ফজলুর রহমান ও তার বিশেষ দল সরাসরি জড়িত ছিল বলে ডিবির প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
এনএন/ ৩ জুলাই ২০২৬









