এশিয়া

থাইল্যান্ডে শিশুর চালানো পিকআপের ধাক্কায় ৮ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

ব্যাংকক, ২ জুলাই – থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় মুকদাহান প্রদেশে ১১ বছর বয়সী এক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর চালানো পিকআপ ভ্যানের ধাক্কায় অন্তত আটজন বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন যাদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে মুয়াং জেলার না সি নুয়ান গ্রামের একটি সড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে। ব্যাংকক পোস্টের প্রতিবেদন অনুযায়ী ৩৪ জন বৌদ্ধ ভিক্ষুর একটি দল ধর্মীয় পদযাত্রার অংশ হিসেবে ডন তান জেলার দিকে হেঁটে যাচ্ছিলেন। বেলা পৌনে ১২টার দিকে দ্রুতগতির একটি ইসুজু পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ভিক্ষুদের ওপর উঠে যায়।

এতে ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষু প্রাণ হারান। পরে গুরুতর আহত অবস্থায় মুকদাহান হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে পিকআপ ভ্যানটির চালক ছিল ১১ বছর বয়সী এক বিশেষ চাহিদাসম্পন্ন শিশু।

সে তার বাবার অগোচরে গাড়ির চাবি নিয়ে একাই ডন তান জেলা থেকে মুয়াং জেলার দিকে গাড়ি চালিয়ে আসছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক দিয়ে হেঁটে যাওয়া ভিক্ষুদের দলের ওপর আছড়ে পড়ে।

দুর্ঘটনার পর সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় ভিক্ষুদের বিভিন্ন সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। পুলিশ শিশুটিকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য মুয়াং জেলা পুলিশ স্টেশনে নিয়ে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং পুরো ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

এস এম/ ২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language