ফুটবল

বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

ওয়াশিংটন, ১ জুলাই – যুক্তরাষ্ট্রে চলমান ফুটবল বিশ্বকাপে স্বাগতিক দল হিসেবে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে আমেরিকানরা। ইতিমধ্যে তারা প্রতিযোগিতার শেষ ৩২ নিশ্চিত করেছে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বসনিয়া-হার্জেগোভিনা।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে জাতীয় দলকে উদ্দীপ্ত করতে এক অনন্য ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম লেকিপ ও এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্র যদি চলতি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, তবে নাসা একটি অফিশিয়াল ফুটবল চাঁদে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার এক বিশেষ অনুষ্ঠানে নাসার প্রশাসক জেরাড আইজ্যাকম্যান এই ঘোষণা দেন। তিনি জানান, দলের সম্ভাব্য বিশ্বকাপ জয়কে চিরস্মরণীয় করে রাখতেই পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহে ফুটবল পাঠানোর এই পরিকল্পনা। দলকে শুভকামনা জানিয়ে তিনি বলেন, এগিয়ে যাও আমেরিকান দল, তোমাদের পক্ষেই এটা সম্ভব।

নাসার পরিকল্পনা অনুযায়ী, এই ফুটবলটি বিশেষ কিছু বৈজ্ঞানিক যন্ত্রপাতির সঙ্গে একটি রোবোটিক মিশনের মাধ্যমে চাঁদে পাঠানো হবে। এটি মূলত আগামী কয়েক বছরের মধ্যে চন্দ্রপৃষ্ঠে একটি স্থায়ী ঘাঁটি তৈরির প্রস্তুতির অংশ।

এর মাধ্যমে মহাকাশ গবেষণায় চীন, জাপান ও রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও সুসংহত করতে চায় যুক্তরাষ্ট্র। উল্লেখ্য যে, নাসা এর আগে চলতি বিশ্বকাপ চলাকালে একটি অফিশিয়াল ফিফা বল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়েছে।

এখন যদি আমেরিকান দল শিরোপা জয় করতে পারে, তবে আরেকটি বল পৌঁছে যাবে আরও দূরবর্তী গন্তব্য চাঁদে। নাসার চন্দ্রঘাঁটি কর্মসূচির ব্যবস্থাপক কার্লোস গার্সিয়া-গালান এই মিশন সম্পর্কে আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, ফুটবলটি ওজনে হালকা হওয়ায় এটি বহন করা সহজ হবে।

এখন পুরো বিষয়টি নির্ভর করছে পুরুষ ফুটবল দলের মাঠের নৈপুণ্যের ওপর। নাসার এই চ্যালেঞ্জ সফল করতে আমেরিকান ফুটবল দল এক ধাপ এগিয়ে যেতে পারে কি না, তা দেখার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা। আগামীকাল ক্যালিফোর্নিয়ায় বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে তারা।

এস এম/ ১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language