ফুটবল

মেসিকে নিজেদের ১০ নম্বর জার্সি উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

প্রায়া, ৩০ জুন – নিজেদের অভিষেক বিশ্বকাপেই চমক দেখিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াই করে সেরা তৃতীয় দল হিসেবে নকআউট পর্বে উঠেছে তারা।

এবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে দলটি। বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামিতে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে। মাঠের লড়াইয়ের আগে নতুন করে আলোচনায় এসেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস।

তিনি ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে সম্মান জানিয়ে তার দেশের জাতীয় দলের ১০ নম্বর জার্সি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

রেডিও সুপার দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি নেভেস বলেন, বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে মেসিকে শ্রদ্ধা জানাতে আমাদের জাতীয় দলের পক্ষ থেকে তার জন্য ১০ নম্বর জার্সি নিশ্চিত করতে আমি সব পদক্ষেপ নেব।

তিনি আরও উল্লেখ করেন যে, কেপ ভার্দের মানুষের কাছে মেসি অত্যন্ত শ্রদ্ধার পাত্র এবং ফুটবলের এক মহান আদর্শ। উল্লেখ্য, এবারের আসরে স্পেনের সাথে গোলশূন্য ড্র দিয়ে যাত্রা শুরু করা কেপ ভার্দে উরুগুয়ের সাথে ড্র এবং সৌদি আরবের বিপক্ষেও পয়েন্ট ভাগ করে নিয়ে ইতিহাস গড়েছে।

এস এম/ ৩০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language