রোনালদোকে বিশ্রামের পরামর্শকে ছেলেমানুষি বললেন কোচ মার্টিনেজ

লিসবন, ২৮ জুন – গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ সেরা হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল। নেস্তর লরেঞ্জোর শিষ্যদের বিপক্ষে এই ম্যাচে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো নিজের চেনা ছন্দে ছিলেন না।
এমন পরিস্থিতিতে সমর্থকদের একাংশ এবং ফুটবল বিশেষজ্ঞরা তাকে বিশ্রাম দেওয়ার দাবি তুললেও সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন দলের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ। সমালোচকদের মতে নকআউট লড়াইয়ে সতেজ থাকতে লিওনেল মেসি বা আর্লিং হালান্ডের মতো রোনালদোরও বিশ্রামের প্রয়োজন ছিল।
তবে মার্টিনেজ এই ধরনের তুলনাকে সরাসরি ছেলেমানুষি হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান যে রোনালদো পুরো নব্বই মিনিট খেলার জন্য শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। কোচ আরও বলেন যে রোনালদোর খেলার ধরন এবং মাঠে পজিশন নেওয়ার কৌশল অত্যন্ত সুশৃঙ্খল এবং অভিজ্ঞতাপূর্ণ।
অন্য কোনো দলের খেলোয়াড়ের সঙ্গে তাকে তুলনা করাটা হবে নেহাতই বোকামি। বিশ্বকাপ চলাকালীন এই তারকার মধ্যে ক্লান্তির কোনো লক্ষণ দেখা যায়নি বলে দাবি করেন পর্তুগিজ কোচ। তিনি মনে করেন রোনালদো সঠিক সময়ে সঠিক জায়গায় থাকার ক্ষেত্রে দারুণ পারদর্শী।
এদিকে পরিসংখ্যান বলছে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমে রোনালদো জার্মানির কিংবদন্তি লোথার ম্যাথাউসের ২৫টি ম্যাচ খেলার বিশ্বরেকর্ড স্পর্শ করেছেন। বর্তমানে বিশ্বকাপের ইতিহাসে কেবল লিওনেল মেসি ২৯টি ম্যাচ খেলে তার সামনে রয়েছেন। এছাড়া গত দুই আসরে সর্বোচ্চ ১১ বার অফসাইডে পড়ার এক ব্যতিক্রমী নজিরও গড়েছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড যা অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।
এস এম/ ২৮ জুন ২০২৬









