জাতীয়

তিন জেলায় তাপপ্রবাহ, দেশজুড়ে বৃষ্টির প্রবণতা বাড়ার পূর্বাভাস

ঢাকা, ২৬ জুন – রাজশাহী, পাবনা ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছু দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী পাঁচ দিনে দেশজুড়ে বৃষ্টির প্রবণতা ক্রমশ বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া এই বার্তায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোনো কোনো অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এ সময় দিন ও রাতের তাপমাত্রা দেশের অধিকাংশ স্থানে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সপ্তাহের শেষের দিকে বৃষ্টির বেগ বাড়লে তাপমাত্রার সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পাঁচ দিন পর সারা দেশে বৃষ্টিপাতের হার আরও বাড়তে পারে।

এনএন/ ২৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language