জাতীয়

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২৫ জুন – চীনা বিনিয়োগকারীদের জন্য সেবা সহজ করতে শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন চীনের ১২৫ জন শীর্ষস্থানীয় ব্যবসায়ী। সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে ব্যবসার জন্য সম্পূর্ণ উন্মুক্ত এবং ভবিষ্যতের সমৃদ্ধি অর্জনে প্রস্তুত।

চীনের সঙ্গে আরও গভীর শিল্প ও অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে নিজের আগ্রহের কথা প্রকাশ করেন তিনি। একই সাথে চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের বিনিয়োগ ও ভ্যালু চেইন সম্প্রসারণের জোরালো আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও জানান যে, আন্তর্জাতিক বিনিয়োগ কার্যক্রমকে গতিশীল করতে সরকার বর্তমানে ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো আমলাতান্ত্রিক জটিলতা কমানো, সরকারি সেবা ডিজিটালাইজড করা এবং একটি টেকসই বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা।

এছাড়া আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে চলছে বলেও তিনি উল্লেখ করেন। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিশেষ উপস্থাপনা পেশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন উপদেষ্টাগণসহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

এস এম/ ২৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language