হাইতির বিপক্ষে রোমাঞ্চকর জয়ে নকআউট পর্বে মরক্কো

ওয়াশিংটন, ২৫ জুন – হাইতির বিপক্ষে দুই দফায় পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে মরক্কো। রোমাঞ্চকর এই লড়াইয়ে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। এই জয়ের ফলে গ্রুপ সি থেকে রানার্স আপ হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের স্থান নিশ্চিত করল আশরাফ হাকিমিরা।
দিনের অন্য ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। আটলান্টা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে হাইতি। তাদের ক্রমাগত চাপে মরক্কোর রক্ষণভাগ বেশ কয়েকবার বিপদে পড়ে। প্রথমার্ধে দুইবার এগিয়ে গিয়ে ম্যাচে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছিল ক্যারিবীয় দেশটি।
তবে আশরাফ হাকিমি এবং ইসমাইল সাইবারির লক্ষ্যভেদে সমতা ফেরার পর শেষ ১২ মিনিটে রাহিমির গোলে লিড নেয় মরক্কো। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ইয়াসিন গোল করে দলের জয় নিশ্চিত করেন। ফিফা র্যাঙ্কিংয়ের ৮৩তম স্থানে থাকা হাইতি এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে।
ম্যাচের ১০ মিনিটে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোর আত্মঘাতী গোলে লিড পায় তারা। লেনি জোসেফের শট বুনোর গায়ে লেগে জালে জড়ালে দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে গোলের দেখা পায় হাইতি। ৩৯ মিনিটে মরক্কোকে সমতায় ফেরান আশরাফ হাকিমি।
তবে বিরতির ঠিক দুই মিনিট আগে উইলসন ইসিদোরের ২৫ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত শটে আবারও এগিয়ে যায় হাইতি। প্রথমার্ধের যোগ করা সময়ে হাকিমির পাস থেকে নিজের তৃতীয় গোলটি করেন সাইবারি।
এস এম/ ২৫ জুন ২০২৬









