জাতীয়

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সতর্ক অবস্থান কর্মসূচি

ঢাকা, ২৩ জুন – আওয়ামী লীগের সম্ভাব্য বিশৃঙ্খলা ও অপতৎপরতা প্রতিহত করার লক্ষ্যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার সকালে কেন্দ্রীয় সংসদের ১ নম্বর সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা ফার্মগেট, কাওরান বাজার ও ভিআইপি সড়কে অবস্থান নেন। সকাল থেকেই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে নির্ধারিত স্থানগুলোতে জড়ো হন।

তারা ফ্যাসিবাদবিরোধী স্লোগান দেন এবং দেশের সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুত থাকতে দেখা যায়। সমাবেশে ফখরুল ইসলাম রবিন বলেন, দেশে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে আমাদের এই সতর্ক অবস্থান অব্যাহত থাকবে।

কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলার চেষ্টা হলে সচেতন ছাত্র জনতা ও জাতীয়তাবাদী শক্তি তা প্রতিহত করবে। এ কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে কিছু ক্ষেত্রে ট্রাফিক নিয়ন্ত্রণেও সহযোগিতা করতে দেখা যায় তাদের। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সতর্ক অবস্থান ও পাহারা কর্মসূচি অব্যাহত থাকবে।

এস এম/ ২৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language