জাতীয়

হরমুজ প্রণালী অতিক্রম করল বিএসসির জাহাজ বাংলার জয়যাত্রা

ঢাকা, ২৩ জুন – মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সংকটে পড়ে দীর্ঘ সাড়ে চার মাস আটকে থাকার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও আন্তর্জাতিকভাবে ঝুঁকিপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করেছে বিএসসির জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। মঙ্গলবার ভোর ৩টার দিকে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের জলসীমার দিকে রওনা হয়।

এই সাফল্যের খবরে সংশ্লিষ্ট নাবিকদের পরিবার এবং বাংলাদেশের মেরিটাইম খাতে বড় ধরনের স্বস্তি নেমে এসেছে। সীমাহীন সাহসিকতা এবং সরকারের উচ্চপর্যায়ের সঠিক দিকনির্দেশনায় রাষ্ট্রীয় মালিকানাধীন এই কার্গো জাহাজটি প্রতিকূল পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছে।

২০১৮ সালে নির্মিত ৩৮ হাজার ৮৯৪ ডিডব্লিউটি ধারণক্ষমতার এই বাল্ক ক্যারিয়ারটি বর্তমানে প্রয়োজনীয় ক্লিয়ারেন্স প্রক্রিয়া সম্পন্ন করতে ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। জাহাজটিতে কর্মরত ৩১ জন ক্রুর সবাই বাংলাদেশি নাগরিক এবং তারা বর্তমানে সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।

বিএসসি কর্তৃপক্ষ জানায়,

সিঙ্গাপুরভিত্তিক একটি চার্টারের অধীনে এমভি বাংলার জয়যাত্রা গত ২৬ জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে। প্রাথমিকভাবে জাহাজটি কাতারের মেসাইদ বন্দর থেকে ৩৯ হাজার টন স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে যায়।

তবে জাহাজটি সেখানে অবস্থানকালেই ওই অঞ্চলে তীব্র সামরিক সংঘাত শুরু হয়। যুদ্ধজনিত ঝুঁকির মাঝেই গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে কার্গো খালাস করা হয়। কার্গো খালাস হওয়ার পর যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী অতিক্রম করা অনিশ্চিত হয়ে পড়ে।

এ অবস্থায় বাণিজ্যিক ক্ষতি এড়াতে জাহাজটিকে সৌদি আরবের রাস আল খায়ের বন্দরে পাঠানো হয়। সেখান থেকে প্রায় ৩৭ হাজার মেট্রিক টন সার নিয়ে জাহাজটি দক্ষিণ আফ্রিকার কেপ টাউন ও ডারবানের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নেয়।

দীর্ঘ অচলাবস্থার একপর্যায়ে গত ১৮ এপ্রিল ইরান নৌবাহিনী নিরাপত্তা ও কৌশলগত কারণ দেখিয়ে হরমুজ প্রণালী দিয়ে জাহাজটির পারাপারের অনুমতি প্রত্যাখ্যান করেছিল। দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পরও বিএসসি ম্যানেজমেন্টের দক্ষ ব্যবস্থাপনায় জাহাজে সুপেয় পানি, খাবার এবং জ্বালানি তেলের কোনো সংকট হতে দেওয়া হয়নি।

এছাড়া নাবিকদের মনোবল চাঙ্গা রাখতে বিশেষ অ্যালাউন্স ও ওয়ার ওয়েজ প্রদান করা হয়। সরকারের সঠিক পরিকল্পনা এবং জাহাজের ক্যাপ্টেনসহ সব ক্রুদের বীরত্বপূর্ণ প্রচেষ্টায় অবশেষে এই সংকটময় মিশনটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

বিএসসির এমডি কমোডর মাহমুদুল মালেক জানান, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই সংকটের বিষয়ে সার্বক্ষণিক তদারকি করেছেন যা নাবিকদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে।

এস এম/ ২৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language