এশিয়া

জাপানে ভিসা ফি বাড়ল কয়েক গুণ, নতুন নিয়ম কার্যকর ১ জুলাই থেকে

টোকিও, ২১ জুন – জাপানে বিদেশি নাগরিকদের জন্য আগামী মাস থেকে ভিসা ফি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে যাচ্ছে। গত প্রায় ৫০ বছরের মধ্যে এটিই দেশটিতে ভিসা ফি বাড়ানোর প্রথম ঘটনা। শুক্রবার জাপানের মন্ত্রিসভা এই পরিবর্তনের অনুমোদন দিয়েছে।

আগামী ১ জুলাই বা তার পরবর্তী সময়ে জমা দেওয়া ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন এই ফি কার্যকর হবে। নতুন ফি কাঠামো অনুযায়ী, একবার প্রবেশের জন্য ভিসার খরচ ৩ হাজার জাপানি ইয়েন থেকে বাড়িয়ে ১৫ হাজার জাপানি ইয়েন করা হয়েছে।

একইভাবে একাধিকবার প্রবেশের ভিসার খরচ ৬ হাজার জাপানি ইয়েন থেকে বাড়িয়ে ৩০ হাজার জাপানি ইয়েন করা হয়েছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি এক সংবাদ সম্মেলনে জানান, বর্তমান ভিসা ফি ১৯৭৮ সালে নির্ধারিত হয়েছিল।

দীর্ঘ সময়ের ব্যবধানে মূল্যস্ফীতি এবং মুদ্রার বিনিময় হারের ওঠানামা বিবেচনা করে এই ফি সংশোধন করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, সব দিক পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে বিদেশি পর্যটক আগমনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে তারা আশা করছেন।

সম্প্রতি দেশটির পার্লামেন্টে পাস হওয়া একটি আইনের মাধ্যমে অভিবাসন সংক্রান্ত ফি বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। মূলত বিদেশি বাসিন্দার সংখ্যা বৃদ্ধির ফলে অভিবাসন ব্যবস্থাপনা ও সেবা উন্নয়নের ব্যয় মেটাতে এই বাড়তি রাজস্ব ব্যবহার করা হবে।

স্থায়ী বসবাসের আবেদন ফি-র ক্ষেত্রেও বড় পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে, যা ১০ হাজার ইয়েন থেকে বেড়ে ২ লাখ ইয়েন পর্যন্ত হতে পারে। ২০২৭ সালের মার্চের মধ্যে এসব পরিবর্তন পুরোপুরি কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৫ সালের শেষ নাগাদ জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা রেকর্ড ৪১ লাখ ৩০ হাজারে পৌঁছাতে পারে।

এস এম/ ২১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language