মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ১১ ফিলিস্তিনি নিহত

গাজা, ২১ জুন – গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের চার সদস্য ও এক সাংবাদিকসহ অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ২টার দিকে এই ভয়াবহ হামলার ঘটনাটি ঘটে।

যুদ্ধবিরতি চলা সত্ত্বেও গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস অভিযোগ করেছে যে, ইসরায়েলি পক্ষ থেকে নিয়মিত যুদ্ধবিরতি লঙ্ঘন করা হচ্ছে। হামাসের নিয়ন্ত্রণাধীন উদ্ধারকারী সংস্থা সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, গাজা সিটির সাব্রা এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভবনে রাতে আকাশ হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

এতে আল সাফাদি পরিবারের চার সদস্য প্রাণ হারান। নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী ও তাদের দুই কন্যা রয়েছে। হামলায় আরও অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। গাজা সিটির আল শিফা হাসপাতাল কর্তৃপক্ষ সাফাদি পরিবারের দুই শিশুসহ চার সদস্যের মরদেহ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতদের স্বজন নায়েল আল সাফাদি জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে যখন পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন, ঠিক তখনই একটি ক্ষেপণাস্ত্র তাদের বাড়িতে আঘাত হানে। আল শিফা হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, গাজার উত্তরাংশে একটি গুরুত্বপূর্ণ মোড়ের কাছে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত অপর এক ফিলিস্তিনির মরদেহও সেখানে আনা হয়েছে।

অন্যদিকে শনিবার পরবর্তী সময়ে ইসরায়েলের বেশ কয়েকটি হামলায় আরও ছয়জন নিহত হন। সিভিল ডিফেন্সের দেওয়া তথ্যমতে, এর মধ্যে তিনজন নিহত হয়েছেন গাজার মধ্যাঞ্চলীয় বুরেইজ শরণার্থী শিবিরে চালানো বিমান হামলায়। নিহতদের মধ্যে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার স্থানীয় এক ফিলিস্তিনি ফটো সাংবাদিকও রয়েছেন।

আল জাজিরা নিশ্চিত করেছে যে, নিহত আহমেদ উয়িশাহ তাদের চ্যানেলের ফটো সাংবাদিক হিসেবে কাজ করতেন। সাংবাদিকদের লক্ষ্য করে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে সংবাদমাধ্যমটি। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, উয়িশাহ একজন হামাস সদস্য ছিলেন।

অন্যান্য হামলার বিষয়ে ইসরায়েলি পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত বছরের ১০ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত ১ হাজার ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করেছে যে, একই সময়ে ফিলিস্তিন থেকে চালানো পাল্টা হামলায় তাদের পাঁচ সেনা নিহত হয়েছে।

এস এম/ ২১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language