মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তেল আবিব, ২১ জুন – দক্ষিণ লেবাননে চলমান সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২ এর সূত্র ধরে বলা হয়েছে যে দক্ষিণ লেবাননে আক্রমণাত্মক অভিযান বন্ধের ঘোষণা দেওয়া হলেও বর্তমানে দখলকৃত এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এই সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয়ের মাধ্যমে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে এই যুদ্ধবিরতি বা হামলা বন্ধের নির্দিষ্ট সময়সীমা এবং এর পরিধি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে লেবাননে ইসরায়েলি হামলার কঠোর প্রতিবাদ জানিয়েছে ইরান। দেশটির সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের প্রতিবাদে তারা গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে।

ইরান এই পদক্ষেপকে তাদের প্রথম ধাপের প্রতিক্রিয়া হিসেবে অভিহিত করেছে। একই সাথে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে যে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস এম/ ২১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language