শিক্ষা

সারা দেশের ৬৫ হাজার স্কুলের লড়াই শেষে আজ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল

ঢাকা, ২০ জুন – দেশের প্রাথমিক শিক্ষার সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর চূড়ান্ত পর্ব আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারা দেশের সাড়ে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে উত্তীর্ণ চারটি বিদ্যালয়ের খুদে ফুটবলাররা এই ফাইনালে অংশ নিচ্ছে।

রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে এই শিরোপা নির্ধারণী লড়াই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা।

বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বালক বিভাগের শিরোপা লড়াইয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানান, গত ৬ এপ্রিল শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২২ লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

তৃণমূল থেকে ফুটবল প্রতিভা বিকাশের এই ধারা ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী আসরে অন্তত ৫০ লাখ ছাত্রছাত্রীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এনএন/ ২০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language