হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া ব্রাজিল, একাদশে বড় পরিবর্তনের আভাস

ব্রাসেলস, ১৯ জুন – মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে হাইতির বিপক্ষে পরবর্তী ম্যাচে জয়ের মাধ্যমে সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে চায় সেলেসাওরা।
এই লক্ষ্যে দলের মূল একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ফিলাডেলফিয়ায় ম্যাচ-পূর্ব এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান যে দলের পারফরম্যান্সে উন্নতি আনতে কৌশলগত পরিবর্তন আনা হচ্ছে। যদিও নির্দিষ্ট করে কোনো খেলোয়াড়ের নাম তিনি উল্লেখ করেননি।
তিনি বলেন, দলের খেলার মান আরও বাড়াতে হবে এবং এই দল আরও ভালো ফুটবল উপহার দেওয়ার সামর্থ্য রাখে। ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, আনচেলত্তি মজার ছলে চার থেকে পাঁচটি পরিবর্তনের কথা বললেও পরে তা নিছক রসিকতা বলে পরিষ্কার করেন।
মরক্কো ম্যাচে রাফিনিয়া এবং কাসেমিরোর মতো তারকারা প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারায় তাদের জায়গা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে কোচ মনে করেন, একটি ম্যাচের পারফরম্যান্স দিয়ে কাউকে বিচার করা ঠিক হবে না।
তার মতে, প্রথম ম্যাচে ব্রাজিলের জার্সি গায়ে খেলার মানসিক চাপ দলের ওপর কিছুটা প্রভাব ফেলেছিল। উল্লেখ্য, ৯২ বছর পর এই প্রথম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ড্র করেছে ব্রাজিল। হাইতির বিপক্ষে সি গ্রুপের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাড়ে ছয়টায়।
এস এম/ ১৯ জুন ২০২৬









