ফুটবল

রিয়াল মাদ্রিদে যোগ দিলেন ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে

মাদ্রিদ, ১৯ জুন – ইউরোপীয় ক্লাব ফুটবলের দলবদলের বাজারে বড়সড় এক চমক নিয়ে এলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ফরাসি সেন্টার ব্যাক ইব্রাহিমা কোনাতেকে ফ্রি ট্রান্সফারে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায় যে ২৭ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চার বছরের একটি চুক্তি সম্পন্ন হয়েছে। লিভারপুলের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তিনি ফ্রি এজেন্ট হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দিলেন। ২০২১ সালে আরবি লাইপজিগ থেকে লিভারপুলে পাড়ি জমিয়েছিলেন কোনাতে।

ইংলিশ এই ক্লাবটির হয়ে তিনি মোট ১৮৩টি ম্যাচ খেলেছেন। অ্যানফিল্ডে থাকাকালীন তিনি এফএ কাপ এবং প্রিমিয়ার লিগসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শিরোপা জয়ে অবদান রাখেন। বর্তমানে ফ্রান্স জাতীয় দলের হয়ে বিশ্বকাপে ব্যস্ত থাকা এই ডিফেন্ডার রিয়ালের নতুন কোচ জোসে মরিনহোর অধীনে প্রথম বড় কোনো সাইনিং হিসেবে গণ্য হচ্ছেন।

টানা দুই মৌসুম শিরোপাহীন থাকার পর রিয়াল মাদ্রিদ তাদের স্কোয়াড পুনর্গঠনে বেশ মনযোগী হয়েছে। কোনাতের পাশাপাশি স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া এবং পর্তুগিজ তারকা বার্নান্দো সিলভাকেও ইতিমধ্যে দলে নিয়েছে ক্লাবটি। এছাড়া রক্ষণভাগ মজবুত করতে ইন্টার মিলান থেকে ডেনজেল ডামফ্রিসকে আনার আলোচনাও জোরালোভাবে চলছে।

অভিজ্ঞ দানি কারভাহাল ও দাভিদ আলাবা ক্লাব ছাড়লেও আন্তোনিও রুডিগারের সাথে চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। সামনের মৌসুমে কোনাতে ও রুডিগার জুটি রিয়ালের রক্ষণভাগকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

এস এম/ ১৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language