ফুটবল

ক্যান্সারের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ পেরেইরা

ব্রাসেলস, ১৮ জুন – ব্রাজিলকে ১৯৯৪ সালের বিশ্বকাপ শিরোপা জেতানো কোচ কার্লোস আলবার্তো পেরেইরা ক্যান্সারের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় সময় বুধবার ব্রাজিলের সামারিতানো বারা হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

৮০ বছর বয়সী এই বর্ষীয়ান কোচের শরীরে হজকিন্স লিম্ফোমা নামক ক্যানসার শনাক্ত হওয়ার পর বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ পেরেইরার স্বাস্থ্যের বর্তমান অবস্থা বা চিকিৎসার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

২০০৬ সালের বিশ্বকাপেও ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন পেরেইরা। তার অধীনে সেলেসাওরা ২০০৪ সালে কোপা আমেরিকা এবং ২০০৫ সালে কনফেডারেশনস কাপ জয়ের কৃতিত্ব অর্জন করে। ব্রাজিলের ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী তিনি জাতীয় দলের হয়ে মোট ১৭৭টি ম্যাচে কোচের দায়িত্ব পালন করেছেন।

এর মধ্যে তার অধীনে ব্রাজিল ১২৪টি জয় পায় এবং ৩৯টি ম্যাচ ড্র করে। মাত্র ১৪টি ম্যাচে হারের মুখ দেখতে হয় তার দলকে। ফুটবল ক্যারিয়ারে পেরেইরা ১৯৭০ সালের বিশ্বকাপজয়ী দলেও কোচিং স্টাফের সদস্য হিসেবে কাজ করেছেন।

পরবর্তীতে ২০১৪ সালের বিশ্বকাপে লুইজ ফেলিপে স্কলারির অধীনে দলের সমন্বয়কারী হিসেবেও তার সক্রিয় অংশগ্রহণ ছিল। ব্রাজিলের বাইরেও তিনি বিশ্ব ফুটবলের বেশ কয়েকটি দেশের হয়ে কাজ করেছেন। কোচ হিসেবে তিনি কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন।

এস এম/ ১৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language