স্পেনের বিপক্ষে বীরত্বের পর গোলরক্ষক ভোজিনহার মায়ের জন্য ভিসার উদ্যোগ যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটন, ১৭ জুন – বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ঐতিহাসিক ড্রয়ের পর আলোচনায় এসেছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ম্যাচ শেষে দেওয়া এক আবেগঘন সাক্ষাৎকারে তিনি জানান, ভিসা সংক্রান্ত খরচের কারণে তার মা যুক্তরাষ্ট্রে এসে খেলা দেখতে পারেননি। তিনি চেয়েছিলেন তার মা মাঠে উপস্থিত থেকে এই বিশেষ মুহূর্তের সাক্ষী হোন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভোজিনহার মাকে যুক্তরাষ্ট্রে আনার বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছে।
দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত ভোজিনহার মায়ের নামে কোনো ভিসা আবেদনের তথ্য পাওয়া যায়নি। তবে বিশ্বকাপে অংশগ্রহণকারী খেলোয়াড়দের নিকটাত্মীয়দের জন্য ভিসা জামানতের নিয়ম শিথিল করা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানে খেলোয়াড়ের পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ভোজিনহার মায়ের বর্তমানে বৈধ পাসপোর্ট নেই এবং তিনি নতুন পাসপোর্ট সংগ্রহের প্রক্রিয়ায় রয়েছেন।
৪০ বছর বয়সী ভোজিনহা বর্তমানে পর্তুগালের দ্বিতীয় স্তরের একটি ক্লাবে খেলছেন। স্পেনের বিপক্ষে ম্যাচে তিনি সাতটি দুর্দান্ত সেভ করে দলের জন্য ঐতিহাসিক এক পয়েন্ট নিশ্চিত করেন। মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দের এই সাফল্যে সারা বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এই পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভোজিনহার অনুসারীর সংখ্যা কয়েক লাখ থেকে বেড়ে প্রায় এক কোটির কাছাকাছি পৌঁছে গেছে।
বিশ্বকাপে কেপ ভার্দের পরবর্তী ম্যাচ আগামী রোববার ২১ জুন উরুগুয়ের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
এনএন/ ১৭ জুন ২০২৬









