জাতীয়

বাংলাদেশের আকাশে মহররমের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

ঢাকা, ১৬ জুন – বাংলাদেশের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বুধবার থেকে শুরু হচ্ছে হিজরি ১৪৪৮ সনের নতুন বছর। সেই হিসেবে আগামী ২৬ জুন শুক্রবার সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান।

সভায় জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মহররম মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এবার জিলহজ মাস ২৯ দিনে শেষ হলো। ইসলামের ইতিহাসে হিজরি সনের প্রথম মাস মহররম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে ১০ মহররম বা আশুরার দিনটি কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) এর শাহাদাতবরণের শোকাবহ স্মৃতিবিজড়িত।

আশুরার দিন বাংলাদেশে সাধারণ ছুটি থাকে। এছাড়া ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

আশুরার দিন এবং তার আগে বা পরে একদিন রোজা রাখা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত সওয়াবের কাজ হিসেবে বিবেচিত।

এনএন/ ১৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language