৩০ জুন নয়, ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট শুরু হবে ২৭ জুলাই

ঢাকা, ১৫ জুন – আগামী ৩০ জুনের পরিবর্তে ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে পুনরায় বিমান চলাচল শুরু হবে। সোমবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। এর আগে অপারেশনাল ও বাণিজ্যিক বিভিন্ন চ্যালেঞ্জের কারণে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইটটি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মূলত হজ ফ্লাইট পরিচালনার বাড়তি চাপ এবং উড়োজাহাজের সংকটের কারণে এই রুটটি নিয়ে কিছু বাণিজ্যিক সীমাবদ্ধতা তৈরি হয়েছিল।
তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সব বাধা কাটিয়ে নির্ধারিত তারিখেই পুনরায় ডানা মেলবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই আন্তর্জাতিক রুটে যাত্রীসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এস এম/ ১৫ জুন ২০২৬









