শহীদ আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

রংপুর, ১৪ জুন – জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ রবিবার এই রায় প্রকাশ করেন। প্রকাশিত রায়ে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ ও শাস্তি নির্ধারণের বিস্তারিত যুক্তি তুলে ধরা হয়েছে।
এর আগে গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই মামলার রায় ঘোষণা করেছিলেন। সেই রায়ে দুইজনকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন এবং অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ মোট ৩০ জন আসামি রয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়।
যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদসহ পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া আটজনকে পাঁচ বছর এবং ১১ জনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় সাবেক উপাচার্যসহ সাজাপ্রাপ্ত বেশ কয়েকজন আসামি পলাতক ছিলেন। ট্রাইব্যুনালের এই রায়ে প্রক্টর অফিসের একজন চুক্তিভিত্তিক কর্মচারীর হাজতবাসকালীন সময়কে সাজার মেয়াদ হিসেবে গণ্য করা হয়েছে।
এস এম/ ১৪ জুন ২০২৬









