উত্তর আমেরিকা

কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম অপসারিত: আইনি লড়াইয়ের অবসান

ওয়াশিংটন ডিসি, ১৪ জুন – তীব্র আইনি জটিলতা এবং দীর্ঘ রাজনৈতিক বাদানুবাদের অবসান ঘটিয়ে ওয়াশিংটন ডিসির বিশ্ববিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস ভবনের মূল ফটক থেকে ডোনাল্ড ট্রাম্পের নাম অপসারণ করা হয়েছে।

শনিবার প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ম্যাট ফ্লোকা বিষয়টি নিশ্চিত করে জানান যে আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই নামফলকটি সরিয়ে নেওয়া হয়েছে। এর মাধ্যমে ওয়াশিংটনের সাংস্কৃতিক অঙ্গনে ট্রাম্পের প্রভাব বিস্তারের একটি বড় প্রতীকী উদ্যোগের সমাপ্তি ঘটল বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

আদালতের নির্দেশনা অনুযায়ী গত শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে এই নামফলক সরানোর শেষ সময় নির্ধারিত ছিল। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে কাজ ব্যাহত হওয়ায় কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ফেডারেল বিচারক ক্রিস্টোফার কুপার সময়সীমা শনিবার দুপুর ১২টা পর্যন্ত বাড়িয়ে দেন।

শনিবার ভোরেই শ্রমিকরা ভবনের বাইরের দেয়াল থেকে ট্রাম্পের নামের অক্ষরগুলো সরিয়ে নেন। পুরো প্রক্রিয়াটি আড়াল করতে আগে থেকেই সেখানে বড় পর্দা টাঙিয়ে দেওয়া হয়েছিল। এর আগে ট্রাম্পের নাম বহাল রাখতে কেনেডি সেন্টার কর্তৃপক্ষ ও মার্কিন বিচার বিভাগ শেষ মুহূর্তের আইনি লড়াই চালিয়েছিল।

তাদের যুক্তি ছিল যে তড়িঘড়ি করে নাম পরিবর্তন করলে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং এতে আর্থিক অনুদান হারানোর ঝুঁকি রয়েছে। তবে আপিল আদালত এসব যুক্তি খারিজ করে দিয়ে নিম্ন আদালতের রায় বহাল রাখেন। কেনেডি পরিবার এবং ডেমোক্র্যাট শিবিরের দীর্ঘদিনের বিরোধিতার মুখে শেষ পর্যন্ত এই নামফলক অপসারণ করা হলো।

গত বছরের ডিসেম্বরে ট্রাম্পের অনুগত বোর্ড সদস্যরা প্রতিষ্ঠানটির নামের সঙ্গে তার নাম যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ডেমোক্র্যাট প্রতিনিধি জয়েস বিটি আদালতের এই সিদ্ধান্তের বিজয়কে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে নামফলক সরানোর সময় কেনেডি সেন্টারের সামনে সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

ট্রাম্পের নাম নেমে যাওয়ার সময় উপস্থিত অনেককে উল্লাস প্রকাশ করতে দেখা যায়। কাকতালীয়ভাবে শনিবার সকালে গলফ খেলতে যাওয়ার সময় ডোনাল্ড ট্রাম্পের মোটরশোভাযাত্রাটি পরিবর্তিত এই ভবনের সামনে দিয়েই অতিক্রম করে।

এস এম/ ১৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language