২০২৬ বিশ্বকাপ ও বেকহ্যামের হলিউড সম্মাননা: লস অ্যাঞ্জেলেসে তারার মেলা

ওয়াশিংটন, ১৪ জুন – ২০২৬ ফুটবল বিশ্বকাপের আমেজ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছিল দেশি বিদেশি তারকাদের মিলনমেলা। এই বিশেষ মুহূর্তের প্রাক্কালে হলিউড ওয়াক অফ ফেমে একটি বিশেষ নক্ষত্র যুক্ত হয়েছে ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যামের নামে।
জমকালো এই আয়োজনে বেকহ্যামের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী ভিক্টোরিয়া এবং ঘনিষ্ঠ বন্ধু জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। দীর্ঘ ক্যারিয়ারে কঠোর পরিশ্রম ও সংকল্পের মাধ্যমে ফুটবল বিশ্বে প্রভাব বিস্তারের জন্য বেকহ্যামের ভূয়সী প্রশংসা করেন টম ক্রুজ।
সম্মাননা পাওয়ার পর বেকহ্যাম বলেন যে একজন সাধারণ ইংরেজ ফুটবলার হিসেবে এই স্বীকৃতি পাওয়া তার জন্য স্বপ্নের মতো। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে আয়োজিত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও ছিল তারকাবহুল উপস্থিতি।
লিওনার্দো ডিক্যাপ্রিও, হ্যালি বেরি, রব লো এবং পপ তারকা কেটি পেরিসহ অসংখ্য খ্যাতিমান ব্যক্তিত্ব যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচটি উপভোগ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে।
ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। দলটির জয়ের পর শুভকামনা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপের এই উন্মাদনা এখন কানাডাতেও সমানভাবে দৃশ্যমান। টরন্টো স্টেডিয়ামে কানাডা ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মধ্যকার ম্যাচটি ছিল দেশটির মাটিতে আয়োজিত প্রথম কোনো বিশ্বকাপ ম্যাচ।
গ্যালারিতে বসে এই ঐতিহাসিক মুহূর্ত উপভোগ করেন অভিনেতা রায়ান রেনল্ডস ও মাইক মায়ার্স। এছাড়া কানাডার উদ্বোধনী ম্যাচে সংগীত পরিবেশন করেন অ্যালানিস মরিসেট।
এস এম/ ১৪ জুন ২০২৬









