ফুটবল

বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী

কক্সবাজার, ১২ জুন – বিশ্বকাপ ফুটবলের আমেজ ছড়িয়ে পড়েছে সারা দেশে। বাংলাদেশের ফুটবল প্রেমীদের বড় একটি অংশ ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই শিবিরে বিভক্ত। দেশের এই ফুটবল উন্মাদনাকে বিশ্বকাপের শেষ পর্যন্ত ধরে রাখতে টুর্নামেন্টের ফাইনালে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে চান জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সম্প্রতি কক্সবাজারে আয়োজিত বিচ ফুটবলের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে তাকে ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সি পরিহিত অবস্থায় দেখা যায়। এতে সেখানে উপস্থিত আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে কিছুটা বিষণ্নতা লক্ষ্য করা গেলেও প্রতিমন্ত্রী তাদের আশ্বস্ত করেন।

আমিনুল হক বলেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সবাই চাই যেন ব্রাজিল ও আর্জেন্টিনা ফাইনালে মুখোমুখি হয়। এমনটি হলে বিশ্বকাপের পুরোটা সময় জুড়েই দেশের মানুষের মধ্যে ফুটবল নিয়ে যে উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে তা বজায় থাকবে।

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল পাঁচবার এবং আর্জেন্টিনা তিনবার শিরোপা জয় করলেও এখন পর্যন্ত কোনো ফাইনালে দল দুটি মুখোমুখি হয়নি। সর্বশেষ ১৯৯০ সালের বিশ্বকাপে এই দুই দলের লড়াই হয়েছিল। ২০১৪ সালের বিশ্বকাপে এমন সম্ভাবনা তৈরি হলেও সেবার সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় স্বাগতিক ব্রাজিলকে।

চলতি আসরে দলগুলোর শক্তিমত্তা এবং অবস্থানের বিচারে সেমিফাইনালে ব্রাজিল ও আর্জেন্টিনার দেখা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এর জন্য উভয় দলকেই তাদের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হতে হবে এবং পরবর্তী নক আউট পর্বগুলোতে জয় লাভ করতে হবে। গ্রুপ রানার্স আপ হলে হিসাব নিকাশ পাল্টে যাবে।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে। অপরদিকে আর্জেন্টিনার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আলজেরিয়ার বিপক্ষে।

বাংলাদেশের অগণিত ফুটবল ভক্ত এখন সময়ের অপেক্ষায় দিন গুনছেন তাদের প্রিয় দলের পারফরম্যান্স দেখার জন্য।

এনএন/ ১২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language