২০২৬-২৭ অর্থবছরের অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঢাকা, ১১ জুন – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটের অর্থবিলে স্বাক্ষর করেছেন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে তার অফিস কক্ষে এই স্বাক্ষর সম্পন্ন হয়। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই বাজেট সম্প্রতি সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এবারের বাজেটের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে সরকার ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
এতে আয় ও ব্যয়ের মধ্যে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি দেখা যাচ্ছে। বিশাল এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ এবং বৈদেশিক উভয় উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা নিয়েছে সরকার। বাজেট পরিকল্পনা অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান খাত থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংস্থানের লক্ষ্য ধরা হয়েছে।
এছাড়া অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। অভ্যন্তরীণ এই সংগ্রহের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা নেওয়া হবে।
আগামী অর্থবছরের জন্য দেশের মোট দেশজ উৎপাদনের বা জিডিপির আকার প্রাক্কলন করা হয়েছে ৬৮ লাখ ৩০ হাজার ২৪ কোটি টাকা। বাজেট প্রস্তাবে আগামী অর্থবছরে মূল্যস্ফীতি কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
একই সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এছাড়া প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী প্রবণতার কথাও উল্লেখ করা হয়েছে। ২০২৬ সালের এক মাসে সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স অর্জিত হয়েছে। বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ উৎসাহিত করতে সরকার ২ দশমিক ৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এস এম/ ১১ জুন ২০২৬









