জাতীয়

বাজেটে স্বর্ণের ভ্যাটে বড় পরিবর্তন: ভরিতে নির্দিষ্ট ২ হাজার ৫০০ টাকা নির্ধারণ

ঢাকা, ১১ জুন – জুয়েলারি খাতে বিদ্যমান ৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, স্বর্ণালংকার বিক্রির ক্ষেত্রে শতাংশ ভিত্তিক ভ্যাটের পরিবর্তে প্রতি ভরি স্বর্ণের জন্য সুনির্দিষ্টভাবে ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হবে।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই নতুন কর কাঠামোর ঘোষণা দেন। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, জুয়েলারি শিল্পের কর কাঠামো আরও সহজ, স্বচ্ছ এবং ব্যবসায়ীদের কাছে পূর্বানুমানযোগ্য করতেই শতাংশভিত্তিক ভ্যাটের বদলে এই সুনির্দিষ্ট ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে স্বর্ণ ব্যবসায়ীদের কর হিসাব করার প্রক্রিয়া যেমন সহজ হবে, তেমনি ভ্যাট আদায় প্রক্রিয়ায় জটিলতা অনেকাংশে কমে আসবে বলে সরকার আশা করছে। বর্তমানে জুয়েলারি সেবার ওপর ৫ শতাংশ হারে ভ্যাট দিতে হয়, যা বাতিল করে এখন থেকে প্রতি ভরির জন্য নির্দিষ্ট হার কার্যকর হবে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, নির্দিষ্ট পরিমাণ ভ্যাট আরোপের ফলে স্বর্ণালংকার ব্যবসায় স্বচ্ছতা বাড়বে এবং ব্যবসায়ীদের জন্য কর পরিশোধের পদ্ধতি আরও গতিশীল হবে। তবে এই সিদ্ধান্তের ফলে সাধারণ ভোক্তাদের ওপর ব্যয়ের ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়বে, তা নির্ভর করবে বাজার পরিস্থিতির ওপর।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের ৫৫তম এই বাজেট উপস্থাপন করেন। বর্তমান সরকারের মেয়াদে এটিই অর্থমন্ত্রীর প্রথম বাজেট। প্রস্তাবিত এই বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এতে মোট বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই বিশাল ঘাটতি মেটাতে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা হাতে নিয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্যমাত্রা রয়েছে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য খাত থেকে ১৫ হাজার কোটি টাকা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

এস এম/ ১১ জুন ২০২৬


Back to top button