জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ৯৪ লাখ টাকার স্বর্ণালংকারসহ আটক ৬

ঢাকা, ১১ জুন – রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে প্রায় ৫৯৭ গ্রাম ওজনের স্বর্ণালংকারসহ ছয়জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার ভোরে বিমানবন্দরের সামনে অবস্থিত সরকারি খোলা পার্কিং এলাকার দক্ষিণ পাশ থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ ৪২ হাজার ১৪০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন মো. মনির হোসেন, কাজী মাসুদ, সাইদুল ইসলাম, ইলিয়াছ খাঁন, সাব্বির মিয়া এবং মো. কামাল হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সোয়া চারটার দিকে ওই ছয় ব্যক্তিকে বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা একটি মাইক্রোবাসে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে এপিবিএন সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করেন।

আটকের পর এপিবিএন কার্যালয়ে নিয়ে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে মোট ৫৯৭ দশমিক ৩ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব স্বর্ণালংকার ২২ ক্যারেট মানের বলে নিশ্চিত করেছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে আসা অজ্ঞাত যাত্রীদের মাধ্যমে অবৈধভাবে এসব স্বর্ণ বাংলাদেশে আনা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক একটি স্বর্ণ চোরাচালান চক্রের রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন।

এই ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি (১) (বি) ধারায় বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, আসামিরা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ আমদানি ও সংরক্ষণের মাধ্যমে দণ্ডনীয় অপরাধ করেছেন।

এ বিষয়ে ১৩ এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, বিমানবন্দর এলাকায় সব ধরনের চোরাচালান ও অপরাধ দমনে এপিবিএন সর্বদা সক্রিয় রয়েছে। জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষায় চোরাচালানবিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

এনএন/ ১১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language