হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, একাধিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

তেহরান, ১১ জুন – ইরানের সামরিক কমান্ডের পক্ষ থেকে সব ধরনের নৌযানের চলাচলের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
দেশটির বার্তা সংস্থা মেহের এই খবর নিশ্চিত করে জানিয়েছে যে, এই নির্দেশনা অমান্য করে কোনো নৌযান প্রণালিটি অতিক্রমের চেষ্টা করলে সেটিকে সরাসরি আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে তারা ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে আত্মরক্ষামূলক হামলা শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়।
যুক্তরাষ্ট্র এই হামলাকে ইরানের অযাচিত আগ্রাসনের উপযুক্ত জবাব হিসেবে বর্ণনা করেছে। মার্কিন বাহিনীর এই ঘোষণার পরপরই ইরানের ফার্স নগরীতে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
বার্তা সংস্থা মেহের জানায় বিস্ফোরণের ঘটনার পর শহরটির বাইরের এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই অঞ্চলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
এনএন/ ১১ জুন ২০২৬









