শেরপুরে বিপন্ন প্রজাতির ৪২ বন্যপ্রাণী উদ্ধার, যুবক আটক

শেরপুর, ১০ জুন – শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপন্ন ও বিরল প্রজাতির ৪২টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। বন্যপ্রাণী পাচারের অভিযোগে এই অভিযানে সাজুদ্দিন নামের এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পোড়াগাঁও এলাকায় ঢাকা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ এই অভিযান পরিচালনা করে। উদ্ধার করা প্রাণীগুলোর মধ্যে ৩টি ধনেশ পাখি, ৩টি চশমা পরা হনুমান, ১৩টি পাহাড়ি হলুদ কচ্ছপ, ১২টি টিয়া পাখি, ১টি ময়না, ৩টি লজ্জাবতী বানর, ১টি ঈগল পেঁচা, ৩টি এশিয়ান পাম সিভেট এবং ৩টি সজারু রয়েছে।
বর্তমানে প্রাণীগুলো বন অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। সেখানে সেগুলোর প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করা হচ্ছে। পরবর্তীতে যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রাণীগুলোকে তাদের অনুকূল প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত কিংবা স্থানান্তর করা হবে।
এই অভিযানে ঢাকা মহানগরের পল্লবী থানা পুলিশ এবং শেরপুর জেলা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই পাচার চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এস এম/ ১০ জুন ২০২৬









