জাতীয়

২০২৬-২৭ অর্থবছরের জন্য জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ছায়া বাজেট পেশ

ঢাকা, ৯ জুন – বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার একটি বিকল্প বা প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করেছে। মঙ্গলবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ছায়া বাজেট উপস্থাপন করা হয়।

দলটির পক্ষ থেকে প্রস্তাবিত এই বাজেটে জনপ্রশাসন, শিক্ষা ও প্রযুক্তি এবং ঋণের সুদ পরিশোধের বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা ১২ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন এই বাজেট প্রস্তাবনা তুলে ধরেন।

বাজেটের বরাদ্দ পর্যালোচনা করে দেখা গেছে,

মোট বরাদ্দের ২৪.০৯ শতাংশ অর্থাৎ ২ লাখ ২ হাজার ২৪৫ কোটি টাকা জনপ্রশাসন খাতে রাখার প্রস্তাব করা হয়েছে। শিক্ষা ও প্রযুক্তি খাতে দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার ৫৭৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বাজেট বিশ্লেষণে দেখা যায়, ঋণের সুদ পরিশোধের জন্য ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যা মোট প্রস্তাবিত বাজেটের ১৫.১৯ শতাংশ।

এছাড়া পরিবহন ও যোগাযোগ খাতে ৬৫ হাজার ৩৪০ কোটি টাকা বরাদ্দের রূপরেখা দেওয়া হয়েছে। জামায়াতের এই বাজেটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতে ৫১ হাজার ৬৭০ কোটি টাকা এবং সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে ৪৮ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য খাতে ৪৫ হাজার ২৪০ কোটি এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ৪৫ হাজার ২২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অন্যান্য খাতের মধ্যে প্রতিরক্ষা খাতে ৪৩ হাজার ৪৬২ কোটি টাকা, জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৩৪ হাজার ৪৫৭ কোটি টাকা এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে ২৪ হাজার ৯৫০ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। প্রস্তাবিত এই বাজেটে অনুদানসহ ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৩২৯ কোটি টাকা।

এস এম/ ৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language