নাগরিক সেবার মানোন্নয়নে ডিএসসিসির গণশুনানি অনুষ্ঠিত

ঢাকা, ৭ জুন – ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নাগরিক সেবা ও উন্নয়নমূলক কার্যক্রমকে গতিশীল এবং জবাবদিহিমূলক করতে ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ডিএসসিসির অঞ্চল ১ এর আওতাধীন বিভিন্ন বিষয় নিয়ে এই শুনানির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। ডিএসসিসির প্রশাসক আবদুস সালামের সভাপতিত্বে এতে ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও শাহবাগ এলাকার নাগরিক এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা অংশ নেন।
গণশুনানিতে নাগরিকরা বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা, সড়ক উন্নয়ন এবং জনস্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও অভিযোগ তুলে ধরেন। মন্ত্রী শেখ রবিউল আলম তার বক্তব্যে বলেন, জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করতেই সরকার এমন জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলেছে।
তিনি ঘোষণা দেন যে, ধানমন্ডি লেককে কোনোভাবেই বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেওয়া হবে না। এছাড়া ধানমন্ডি এলাকার জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও তিনি জানান। প্রশাসক আবদুস সালাম বলেন, কোরবানি বর্জ্য অপসারণসহ পরিচ্ছন্নতা কার্যক্রমে সিটি করপোরেশন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
তবে নগরকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সচেতনতা জরুরি। তিনি আরও জানান, ঢাকার রিকশাচালক ও হকারদের একটি নিবন্ধন ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। যথাযথ নিবন্ধন ছাড়া কেউ যত্রতত্র হকারি বা রিকশা চালানোর সুযোগ পাবে না। গণশুনানিতে আসা প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
এস এম/ ৭ জুন ২০২৬









