ইবোলা সতর্কতায় আফ্রিকার ৩ দেশ থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা আমিরাতের

আবুধাবি, ৭ জুন – ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আগাম সতর্কতা হিসেবে আফ্রিকার তিনটি দেশ থেকে যাত্রী প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। জনস্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে আজ ৬ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদান। এসব দেশ থেকে আসা পর্যটক ও সাধারণ যাত্রীদের প্রবেশ পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক যৌথ বিবৃতিতে জানায় যে এই নিষেধাজ্ঞা শুধুমাত্র সরাসরি ফ্লাইটের জন্য নয়। অন্য কোনো দেশের মাধ্যমে ট্রানজিট নিয়ে যারা আমিরাতে প্রবেশের চেষ্টা করবেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি সমন্বিতভাবে এই আদেশ বাস্তবায়ন করছে। কর্তৃপক্ষ আরও স্পষ্ট করেছে যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে ২১ দিনের একটি কঠোর শর্তারোপ করা হয়েছে।
নিষিদ্ধ তিন দেশের কোনো একটিতে সম্প্রতি ভ্রমণ করা কোনো ব্যক্তি যদি আমিরাতে প্রবেশ করতে চান তবে তাকে অবশ্যই ওই অঞ্চলের বাইরে অন্তত ২১ দিন অবস্থান করতে হবে। ইবোলা ভাইরাসের সুপ্তিকাল বিবেচনা করেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
যাত্রী প্রবেশে কড়াকড়ি থাকলেও ট্রানজিট ফ্লাইট এবং কার্গো পরিবহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। যেসব যাত্রী আমিরাত হয়ে অন্য দেশে গন্তব্য করবেন তাদের জন্য ট্রানজিট সুবিধা চালু থাকবে। পাশাপাশি জরুরি পণ্যবাহী বিমানগুলো স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত চলাচল করতে পারবে। বিশ্বব্যাপী স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় বিমানবন্দরগুলোতে বর্তমানে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
এস এম/ ৭ জুন ২০২৬









