পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় দম্পতির মৃত্যুদণ্ড, দ্রুত রায় কার্যকরের দাবি

ঢাকা, ৭ জুন – রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় দম্পতিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম খান গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, সাত থেকে আট বছরের শিশুদের ওপর এ ধরনের নৃশংস অপরাধের ঘটনায় দেশের মানুষ আতঙ্কগ্রস্ত। এই রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হলে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পাবে।
মাগুরার আছিয়া হত্যা মামলার রায় এক বছরেও কার্যকর না হওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, বর্তমান মামলাটি দ্রুত শেষ হয়েছে এবং তারা আশা করেন উচ্চ আদালতেও এই মামলাটি দ্রুত নিষ্পত্তি হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নিম্ন আদালতে এই ধরনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার বিষয়ে তারা সচেষ্ট থাকবেন যাতে অপরাধীরা পুনরায় এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার সাহস না পায়।
এস এম/ ৭ জুন ২০২৬









