ক্রিকেট

বিসিবি নির্বাচনে কোনো বাধা নেই, রিট খারিজ করলেন হাইকোর্ট

ঢাকা, ৩ জুন – আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে নির্ধারিত সময়ে বিসিবি নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বুধবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী এবং শফিকুল ইসলাম।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহিন এম রহমান। এর আগে গত মঙ্গলবার বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ছয়জন কাউন্সিলর।

গত ১৬ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন ২০২৬ এর তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী ৭ জুন পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেদিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে পরিচালক হবেন আরও দুজন।

এই মোট ২৫ জন পরিচালকের প্রত্যক্ষ ভোটে পরবর্তীতে বিসিবি সভাপতি নির্বাচিত হবেন। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্বে রয়েছেন।

গত ১৩ মে গঠিত এই কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ও সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।

এস এম/ ৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language