শিক্ষা

মাদরাসা শিক্ষকদের বদলিতে নতুন নীতিমালা জারি, সর্বোচ্চ তিনবার আবেদনের সুযোগ

ঢাকা, ৩ জুন – দেশের বেসরকারি মাদরাসায় কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন বদলি নীতিমালা জারি করেছে সরকার। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

নতুন নীতিমালার আওতায় একজন শিক্ষক বা শিক্ষিকা তার সমগ্র কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন। একইসঙ্গে চাকরিতে প্রথম যোগদানের পর অন্তত দুই বছর পূর্ণ হলে তিনি বদলির আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।

স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে এই বদলি কার্যক্রম পরিচালিত হবে এবং এটি জারির তারিখ থেকেই কার্যকর করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের তালিকা অনলাইনে প্রকাশ করবে এবং সেই অনুযায়ী আবেদন আহ্বান করবে।

নতুন বিধান অনুযায়ী,

আবেদনকারী তার নিজ জেলাসহ পারিবারিক সুবিধার কথা বিবেচনা করে দেশের যেকোনো জেলায় বদলির আবেদন করতে পারবেন। তবে তিনি শুধুমাত্র সমমানের বা সমস্তরের মাদরাসায় একই পদে বদলির সুযোগ পাবেন। একটি শূন্য পদের বিপরীতে একাধিক আবেদন জমা পড়লে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

এরপর পর্যায়ক্রমে দূরত্ব, স্বামী বা স্ত্রীর কর্মস্থল এবং চাকরির জ্যেষ্ঠতা বিবেচনা করা হবে। একজন শিক্ষক বদলির আবেদনে সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে পারবেন। নতুন কর্মস্থলে যোগদানের পর কমপক্ষে দুই বছর পূর্ণ না হওয়া পর্যন্ত পুনরায় বদলির আবেদন করা যাবে না।

এছাড়া একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ দুইজন শিক্ষক বদলি হতে পারবেন। তবে একই বিষয়ের একাধিক শিক্ষক একই বছরে বদলির সুযোগ পাবেন না। বদলির আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষককে অবমুক্ত করতে হবে এবং পরবর্তী ১০ দিনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। উল্লেখ্য, নতুন এই নীতিমালা জারির ফলে ২০২৪ সালের আগের বদলি নীতিমালাটি বাতিল করা হয়েছে।

এস এম/ ৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language