শিক্ষা

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে রোববার খুলছে স্কুল-কলেজ

ঢাকা, ৩ জুন – পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশের দীর্ঘ ছুটি শেষে আগামী রোববার (৭ জুন) থেকে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় পাঠদান শুরু হতে যাচ্ছে। এর ফলে দীর্ঘ প্রায় দুই সপ্তাহ পর আবারও প্রাণচাঞ্চল্য ফিরবে শ্রেণিকক্ষগুলোতে।

সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলো এই দিন থেকে তাদের নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু করবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৪ মে থেকে ছুটি শুরু হয়েছিল।

এই নির্ধারিত ছুটি আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) শেষ হচ্ছে। তবে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ৭ জুন রোববার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে খুলছে। শিক্ষাপঞ্জির হিসাব অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক ও নির্ধারিত ছুটি মিলিয়ে টানা ১৬ দিনের এক দীর্ঘ অবকাশ কাটিয়েছে।

গত ২১ মে ছিল তাদের শেষ কার্যদিবস এবং ২২ মে থেকেই মূলত তারা ছুটির আমেজে প্রবেশ করে। অন্যদিকে, দেশের মাদ্রাসাগুলোতে এই ছুটি আরও কিছুটা দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোর ছুটি গত ২৪ মে শুরু হয়ে আগামী ১১ জুন পর্যন্ত চলবে।

১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি হওয়ায় মাদ্রাসার শিক্ষার্থীরা আগামী ১৪ জুন থেকে ক্লাসে ফিরবে। সব মিলিয়ে মাদ্রাসাগুলোতে টানা ২৩ দিনের ছুটি উপভোগ করছে শিক্ষার্থীরা। জুন মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর পরবর্তী বড় ধরনের ছুটি শুরু হবে জুলাই মাসে। আগামী ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিনের ছুটি থাকবে।

এছাড়া আগস্ট মাসে ৫ তারিখ জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। সেপ্টেম্বর মাসেও শুভ জন্মাষ্টমী ও ফাতেহা ই ইয়াজদাহম উপলক্ষে নিয়মিত ছুটির ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত রয়েছে।

এস এম/ ৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language