জাতীয়

জলাবদ্ধতায় নাকাল রাজধানী, কমলাপুরগামী যাত্রীদের চরম ভোগান্তি

ঢাকা, ২৫ মে – রাজধানীতে দিনভর বৃষ্টিপাতের ফলে বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে সড়কগুলোতে হাঁটু পর্যন্ত পানি জমে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। বৃষ্টির প্রভাবে কমলাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকাগুলোতে ব্যাপক পানি জমে যাওয়ায় বাড়িফেরা যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

মালিবাগ থেকে কমলাপুর অভিমুখী সড়কে অধিকাংশ যানবাহন অত্যন্ত ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে। স্টেশনে আসা যাত্রীদের অভিযোগ, জলাবদ্ধতার কারণে সময়মতো স্টেশনে পৌঁছাতে তাদের হিমশিম খেতে হচ্ছে।

চট্টগ্রামগামী যাত্রী মো. মোরশেদ জানান, ট্রেন ধরার জন্য নির্ধারিত সময়ের অনেক আগেই তিনি রওনা হয়েছিলেন, কিন্তু রাস্তার পানির কারণে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে। তিনি ট্রেন মিস করার শঙ্কায় ছিলেন। তবে স্টেশনের অভ্যন্তরীণ পরিবেশ ছিল তুলনামূলক সুশৃঙ্খল। প্রত্যেক যাত্রীকে টিকিট প্রদর্শন করে স্টেশনে প্রবেশ করতে হচ্ছে।

অনলাইনে টিকিট সংগ্রহ করতে না পারা যাত্রীদের জন্য স্ট্যান্ডিং টিকিট কাউন্টারে ভিড় লক্ষ্য করা গেছে। কিশোরগঞ্জগামী যাত্রী রশিদুর রহমান জানান, অনলাইনে টিকিট সংগ্রহ করায় স্টেশনে বাড়তি কোনো ঝামেলা পোহাতে হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

এস এম/ ২৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language