লক্ষ্মীপুরে টিকটক ভিডিও করতে গিয়ে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

লক্ষ্মীপুর, ২৫ মে – লক্ষ্মীপুরের রায়পুরে টিকটক ভিডিও তৈরির শখ মেটাতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। রায়পুর পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন একটি এলাকার ভাড়া বাসায় এই দুর্ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি অনুযায়ী,
আগুনে আসবাবপত্র, স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ঘরে এক তরুণী তার পরিবারের সাথে ভাড়া থাকতেন। রানি আক্তার ফারিয়া নামের ওই তরুণী নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের জন্য ভিডিও তৈরি করতেন।
ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাড়িতে উপস্থিত ছিলেন না। রান্নাঘরের চুলার আগুন ব্যবহার করে একটি ভিডিও ধারণ করার সময় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়লে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
বাড়ির মালিকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়,
ফারিয়াকে বারবার আগুন নিয়ে খেলা বা ঝুঁকিপূর্ণ ভিডিও করতে নিষেধ করা হলেও তিনি তা আমলে নেননি। অগ্নিকাণ্ডে বাড়ির মালিকের প্রায় তিন লাখ টাকা এবং ভাড়াটিয়াদের অন্তত সাত লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ফারিয়ার ভাই মিরাজ জানান,
তার বিদেশ যাওয়ার জন্য জমানো বিপুল পরিমাণ নগদ অর্থও এই আগুনে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের পর থেকে ফারিয়া এবং তার পরিবারের সদস্যদের এলাকায় দেখা যাচ্ছে না।
রায়পুর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে,
প্রাথমিকভাবে চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এস এম/ ২৫ মে ২০২৬









