জাতীয়

গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

ঢাকা, ২৪ মে – পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটি শুরু হতে যাচ্ছে। নাড়ির টানে বাড়ি ফিরতে রোববার অফিস শেষ করেই অনেকে বাস টার্মিনালগুলোর দিকে রওনা হন।

রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বিকেল থেকে ঘরমুখো মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানজটের আশঙ্কায় পরিবহনগুলো নির্ধারিত সময়ের কিছুটা আগেই টার্মিনাল ছেড়ে যাচ্ছে।

বিকেল ৫টার পর থেকে গাবতলী ও এর আশপাশের এলাকায় যাত্রী ও যানবাহনের সংখ্যা বাড়তে থাকে।

সরেজমিনে দেখা যায়, অধিকাংশ বাস কাউন্টারেই সরাসরি টিকিট পাওয়া যাচ্ছে না। যারা আগেভাগে অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন তারাই কেবল গন্তব্যে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন।

বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম কুষ্টিয়ার ভেড়ামারায় যাওয়ার উদ্দেশ্যে গাবতলী এসেছেন। তিনি জানান, স্ত্রী ও সন্তানদের আগেই পাঠিয়ে দিলেও অফিস শেষে তিনি আজ রওনা দিচ্ছেন। অগ্রিম টিকিট কেটে রাখায় নির্ধারিত সময়েই তার বাস ছেড়ে যাবে বলে তিনি আশাবাদী।

এদিকে হঠাৎ যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন টিকিটহীন যাত্রীরা। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২৬ মে পর্যন্ত অধিকাংশ বাসের এসি ও নন এসি টিকিট আগেই শেষ হয়ে গেছে।

শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার আমিনুল ইসলাম বলেন, সরকারি ছুটি শুরু হওয়ার কারণে যাত্রী চাপ বেড়েছে। বর্তমানে হাতেগোনা কয়েকটি সাধারণ সিট ছাড়া সব আসন পূর্ণ হয়ে গেছে।

যাত্রীদের সুবিধার্থে ও বাড়তি ভাড়া আদায় রোধে টার্মিনালের ভিজিলেন্স টিম দায়িত্ব পালন করছে। তবে রোববার বিকেল পর্যন্ত কোনো যাত্রী ভাড়া নিয়ে বড় ধরনের অভিযোগ করেননি।

এনএন/ ২৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language